প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়েন, হেফাজতের নামে দুষ্কর্মকারীরা অমানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন মুসলমান, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো তাহাজ্জুদ পড়েন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি হেফাজতে ইসলামের নামে দুষ্কর্মকারীদেরকে তিনি অমানুষ বলে আখ্যা দিয়েছেন।
শুক্রবার (০৭ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেফাজতের সহিংস আন্দোলনে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে এরা মানুষ না এরা অমানুষ।
প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, তার হাতে বাংলাদেশ, তিনি কোরআন সুন্নাহর বাইরে কিছু করেন না।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, আমি নিজে এসে দেখে গেলাম, আমি আপনাদের সাথে ওয়াদা করছি যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।
বার্তা বাজার/এসজে