রোহিঙ্গাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে আহ্বান

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আশ্রয় নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করা রোহিঙ্গা শরণার্থীদেরকে যুক্তরাষ্ট্রে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (০৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে বসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারকে এ আহ্বান জানান তিনি। শুক্রবার দুপুরে এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

পাশাপাশি লকডাউনে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ভিসা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বার্তায়।

প্রকাশিত বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যে বিপুলসংখ্যক শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছে- তা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাধ্যমে পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আরও বলা হয়, বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ঢাকায় মার্কিন দূতাবাসে ভিসা সাক্ষাতকারের তারিখ পেতে বিপুলসংখ্যক ভিসা আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীকে সমস্যায় পড়তে হচ্ছে। ভিসা পেতে দেরি হওয়ার কারণে অনেকেই ভর্তি ও বৃত্তি হারাতে পারেন। জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান, লকডাউন পরিস্থিতির কারণে অনেক সাক্ষাতকারের স্লট বাতিল করতে হয়েছিল। লকডাউন শেষ হওয়ার পরে ভিসা আবেদনকারী সব শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাতকারের সুযোগ পাবেন বলে জানান রাষ্ট্রদূত।

বৈঠকে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে চলমান তদন্তে বাংলাদেশের সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন বলে ড. মোমেন জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর