‘ফ্রি বাজারে’ বিনা মূল্যে পাওয়া যাচ্ছে পণ্য

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘ফ্রি বাজারের’ আয়োজন করা হয়েছে। যেখানে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে পণ্য বা জিনিস। এই ‘ফ্রি বাজারে’ দরিদ্র-অসহায়দের দেওয়া হচ্ছে সবজি, মাছ ও ঈদ সমাগ্রী।

আজ শুক্রবার দুপুরে চন্ডীপাশা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ‘দিশারী বিডি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এই বাজারের আয়োজন করেছে।

জানা গেছে, এই ফ্রি বাজারে ৪০০ পরিবার মাছ, মিষ্টি কুমড়া, আলু, কাচা মরিচ, কুয়েল পাখির ডিম, বেগুন, পুইসশাক, ঢেঁড়শ ও ঈদ সামগ্রী টাকা ছাড়াই ক্রয় করে নিয়ে গেছে। এই বাজার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। এসময় ময়মনসিংহ জেলা বিএমএ সভাপতি ডা: মতিউর রহমান, সংগঠনের সভাপতি মাহাবুব হাসান জয়, সাধারণ সম্পাদক শাহীন আমম্মেদ ও সংগঠনের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

শুক্রবার ওই বাজারে গিয়ে দেখা যায়, সুশৃঙ্খল পরিবেশ। চত্বরের এক পাশে প্যান্ডেলের নিচে টেবিলে তাজা মাছ, সবজি, ঈদ সামগ্রী ইত্যাদি থরে থরে সাজানো। সেখান থেকে নারী-পুরুষ ও শিশুদের হাতে তাদের পছন্দমতো পণ্য তুলে দিচ্ছেন দিশারী বিডির স্বেচ্ছাসেবকরা। কিছু তরুণ মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে নজরদারি করছিলেন। সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন আহম্মেদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের সময়ে বিপাকে পড়া হতদরিদ্র মানুষকে রমজান উপলক্ষে সাহায্য করার জন্য এই বাজারের ব্যবস্থা করা হয়েছে।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর