খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না: ডা. জাফরুল্লাহ

করোনা পরিস্থিতির এই সংকটকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচি-২০২১” এর আওতায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুঃস্থ গৃহকর্মী, অসহায় হকার-শ্রমিক, মসজিদের মুয়াজ্জিনসহ কর্মহীন সাংবাদিকদের মাঝে মোট ৮২০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ২৪ কেজি ওজনের প্যাকেটে একটি মাঝারি পরিবারের ১৫ দিন চলার মতো খাদ্য সামগ্রী রয়েছে। ঈদের আগে আরো ৫০০ প্যাকেট ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে। আজ ঢাকা শহরের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জারনালিস্ট এসোসিয়েশন, তোপখানা রোড, হাজারীবাগ ও বাড্ডা এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান উল্লেখ করে ডা জাফরুল্লাহ চৌধুরী এসময় বলেন, “দেশে এখন ভয়াবহ অবস্থা। করোনা পরিস্থিতি খারাপ, মানুষের মুখে খাবার নেই। এর সাথে যোগ হয়েছে সরকারের ভুল নীতি। গণপরিবহন চলছে না, অথচ প্রাইভেট গাড়ি চলছে। তবে ঈদে বাড়ি যেতে হলে মানুষের করোনা পরীক্ষা করে বাড়ি পাঠানো উচিত”। গণস্বাস্থ্য কেন্দ্র মানুষের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন,” এখানে প্রায় ১৫ দিনের খাবার আছে। লোক দেখানো দান করে লাভ নাই। ধনাঢ্যদের পাশাপাশি আমাদের কর্মীরাও ১ দিনের বেতন ডোনেট করেছে”।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তাঁর শারিরিক অবস্থা খুবই খারাপ। ওনার চিকিৎসা হলো মুক্তি। মুক্তি দিলে উনি কোথায় চিকিৎসা করবে সেটা ওনার স্বাধীনতা। আমাদের অতীতের প্রতিহিংসা, ভুল স্মরণ না রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। মানসিক শক্তি না থাকলে সুস্থ হওয়া যায় না। সেই জন্য আমি আহবান করছি ছাত্রদের পাশাপাশি খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হোক। ওনার কিছু হয়ে গেলে পরে আক্ষেপ করতে হবে”। পাশাপাশি তিনি বিএনপি কে জনগণের সমস্যা নিয়ে তা রাস্তায় নেমে প্রতিবাদ করার আহবান জানান।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা দেশের ধনাঢ্য ব্যক্তিদের আরও বেশি করে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বেলা ১২ঃ৩০ মিনিটে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকনের নিকট বেকার সাংবাদিকদের ঈদের খাদ্য উপহার হস্তান্তর করেন গনস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা মনজুর কাদির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা আরমান। তারপর বেলা ১ টায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক কাজল হাজরা ও ট্রেজারার মইন আহমেদের নিকট খাদ্য উপহার হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

বার্তাবাজার/ভীর সাহাবী

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর