ইতেকাফরত অবস্থায় হেফাজত নেতা আটক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীরবনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার একটি টিম।

সিলেট বিমান বন্দর থানার ওসি মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপিও শাহীনুর পাশাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

অপি বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি টিম বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে আটক করেন।

গত চারদলীয় জোট সরকারের আমলে এই জোটের প্রার্থী হিসেবে এমপি হন শাহীনুর পাশা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি।

সহিংসতা ও তান্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদবীধারী হেফাজতের কোনো নেতাকে আটক করা হলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর