বৃহস্পতিবার (৬ মে) থেকে সরকারি বিধি মেনে গণপরিবহন চালু হয়েছে। কিন্তু বাস কর্তৃপক্ষ এবং যাত্রী সাধারণ এসব বিধি মানায় উদাসীন। ঢাকার সাভারেও একই অবস্থা দেখা গেছে। এছাড়া, আসন্ন ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার ব্যস্ততায় মানা হচ্ছেনা সরকারি বিধিনিষেধ।
আসন্ন ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা বিষয়টি সাভারের করোনা পরিস্থিতিকে কতটা প্রভাবিত করবে এব্যাপারে এই প্রতিবেদক কথা বলেন সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সাথে।
বৃহস্পতিবার (৬ মে) রাতে মুঠোফোনে সাভারে করোনার সর্বশেষ আপডেট জানাতে গিয়ে বার্তা বাজার প্রতিনিধিকে ডা. সায়েমুল হুদা বলেন, ঈদ আনন্দ যেন দুঃখে পরিণত না হয়, বেঁচে থাকলে অনেক আনন্দ করা যাবে।
ডা. হুদা এসময় আরও জানান, সাভার থেকে অনেকেই আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাড়ি যাবার জন্য উদগ্রীব হয়ে আছেন। অনেকেই ভেঙ্গে ভেঙ্গে নিজ নিজ বাড়ির পথে রওয়ানা হয়েছেন, কেউ কেউ প্রস্তুতি নিয়ে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কথার সাথে একমত হয়ে তাদের উদ্দেশ্যে বলছি, এবারের ঈদ যে যেখানেই রয়েছেন সেখানেই করুন। এই বছর এবং আপনাদের এই বয়সটা বেঁচে থাকার সময়। আর বেঁচে থাকলে অনেক ঈদ উদযাপন করা যাবে।
গণপরিবহনগুলোতে সরকারি বিধি মানার প্রসঙ্গে ডা. সায়েমুল হুদা জানান, গণপরিবহনে যাত্রী ওঠার আগে জীবাণুনাশক দিয়ে ‘স্প্রে’ করতে হবে এবং যাত্রী নেমে গেলে তার পরিত্যক্ত আসনটিতেও ‘স্প্রে’ করতে হবে। পাশাপাশি একটা সিট খালি রেখে বসতে হবে। আর মাস্ক তো অবশ্যই পরিধান করতে হবে। তাহলে আমরা করোনার প্রকোপ এক্ষেত্রে রোধ করতে সক্ষম হবো।
তবে, বৃহস্পতিবার (৬ মে) সাভারের বিভিন্ন বাস স্টপে গিয়ে দেখা গেছে, ডা. সায়েমুল হুদার উপরে বর্ণিত অধিকাংশ বিধিই মানা হচ্ছে না। যেনতেন প্রকারে যাত্রী ওঠার সময় কোনো কোনো পরিবহনে ‘স্প্রে’ করা হলেও, ওই ‘স্প্রে মেশিনে’ আদৌ জীবাণুনাশক বস্তু রয়েছে কিনা তা নিয়ে অনেক যাত্রীই সন্দেহ পোষণ করেছেন। আর এক সিট ফাঁকা রেখে বসার ব্যাপারেও বাস কর্তৃপক্ষ এবং যাত্রী সাধারণ কারোই কোনো আগ্রহ দেখা যায়নি। অনেক যাত্রীকে মাস্ক বিহীন চলাফেরা করতে দেখা গেছে। আর বর্ধিত ভাড়া নিয়ে বাস কন্ডাক্টর এবং যাত্রীদের ভিতর ঝগড়া তো রয়েছেই।
এদিকে, সাভারের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এম ও ডি সি) ডা. মো. আরমান আহমেদ। বার্তা বাজারকে তিনি জানান, গতকাল বুধবার (৫ মে) সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ৩১ জনের, তার মধ্যে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, সর্বশেষ ৫ মে, ২০২১ তারিখ পর্যন্ত সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫৪৭৮ জনের। এদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৩৭৫ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ জন। তবে বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই বলেও জানান তিনি।
মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস