আলফাডাঙ্গায় গরীব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে চলছে এর দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউ সামলাতে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। এতে দেশের বিভিন্ন শ্রেণি পেশায় নিয়জিত সাধারণ মানুষ পড়েছে দূর্ভোগে। বিশেষকরে দিন মজুর মানুষজন তাদের পরিবারের জন্য মেলাতে পারছে না প্রয়োজনীয় খাদ্য।
এমতাবস্থায় করোনায় কর্মহীন গরীব ও দুঃস্থদের পাশে এগিয়ে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে তার পক্ষ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ ও লবন।
উপজেলা পরিষদ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান সাইফুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
এবিষয়ে খান মঈনুল ইসলাম মোস্তাক জানান, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকল পর্যায়ের অসহায় মানুষদের সহযোগীতায় সরকারের পাশাপাশি দলীয়ভাবে খাদ্য সহায়তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম