আইনমন্ত্রীর অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে জামায়াতের আমির!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাকালে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন আইমন্ত্রী আনিসুল হক।

উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে বৃহস্পতিবার (০৬ মে) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা শুরু করেন উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির বিল্লাল হোসেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে যান উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু।

এরপর বেলা ১১টার দিকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান মঞ্চে আসন গ্রহণ করেন। এ সময় জামায়াতে ইসলামীর সাবেক আমীর বিল্লাল হোসেনও মঞ্চে বসা ছিলেন।

পাশাপাশি মঞ্চে ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া বলেন, গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সাবেক আমির বিল্লালকে উপস্থাপনার দায়িত্ব কে দিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের কাছে জানতে চাইলে তিনি বিযয়টি দেখেননি বলে এড়িয়ে যান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর