শেষদিনে রাবি উপাচার্যের বিতর্কিত ‘ছক্কা’: মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশাল নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহান উপাচার্য হিসেবে তার মেয়াদের শেষদিনে ১৪১ জনকে নিয়োগ দিয়ে বিদায় নিয়েছেন। অস্থায়ী ভিত্তিতে বিশাল এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে ক্যাম্পাস ত্যাগ করেছেন তিনি।

এর আগে এই বিতর্কিত নিয়োগপত্রে স্বাক্ষর না করায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাড় আব্দুস সালামকে তিনি অব্যহতি দেন। তার স্থলাভিষিক্ত করেন
পরিষদ সেকশনের সহকারী রেজিস্ট্রার মামুন-উর-রশিদকে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মামুন-উর-রশিদ স্বাক্ষরে ৯ জন শিক্ষক, ২৩ জন সেকশন অফিসার, ২৪ সহায়ক কর্মচারী এবং ৮৫ জন উচ্চ ও নিম্ন সহকারী নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, নিয়োগকে কেন্দ্র করে এদিন দুপুরে চাকরি প্রত্যাশী মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

জানা যায়, নিয়োগের গুঞ্জনে বৃহস্পতিবার ভোর থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ নেতাকর্মী ও চাকরীপ্রত্যাশীরা। বেলা সাড়ে এগারোটার দিকে মহানগর ছাত্রলীগের একদল নেতাকর্মী এসে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয়। পরে বেলা সোয়া ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর চড়াও হয়ে বেধড়ক পেটাতে থাকে।

এসময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। পরে হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যায়। এই ঘটনায় শারীরিক শিক্ষা ও ক্রিড়াবিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল, হবিবুর হলের সেকশন অফিসার আবদুল্লাহ আল মাসুদসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে দুপুর সোয়া ২টায় পুলিশি নিরাপত্তায় উপাচার্য এম আব্দুস সোবহান উপাচার্য ভবন ত্যাগ করেন এবং ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান।

ক্যাম্পাস ত্যাগ করা আগ মুহূর্তে রেজিস্ট্রারকে অব্যাহতি ও নিয়োগ প্রসঙ্গে উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়নি, এটা মিথ্যা কথা। এডহকে নিয়োগের বিষয়টি আপনারা পরে জানতে পারবেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর