কেরাণীগঞ্জে ভেজাল খাদ্য কারখানায় র‌্যাবের অভিযান

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভেজাল খাদ্য সামগ্রী তৈরি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১০। এ সময় ৬টি খাদ্য বিক্রয় ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি বেশ কিছু মালামাল জব্দ ও ধংস করা হয়েছে।

আজ (৬ মে) বৃহস্পতিবার র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান এর নেতৃত্বে সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ অভিযান।

এসময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় আনন্দ বেকারী এন্ড কনফেকশনারীকে দেড় লক্ষ টাকা, আমার দেশ বেকারী এন্ড কনফেকশনারীকে দেড় লক্ষ টাকা, রাজেন্দ্রপুরে আদি বাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা ও মা মিষ্টান্ন ভান্ডারেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন কোনাখোলার বোয়ালিয়ায় হামজা ফুড প্রোডাক্ট নামের একটি সেমাই তৈরীর কারখানায় পাকিস্তানের তৈরি মোড়ক লাগিয়ে বাজারজাত করা ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ওই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ৮শ’ কেজি সেমাই জব্দ করে সেগুলোকে ধ্বংস করা হয়।

এছাড়াও কালিন্দি ইউনিয়নের গদাবাগ সোনার বাংলা হাউজিংয়ে এমএস ফুড প্রডাক্ট নামে একটি আচার, জেলি, সস্ তৈরীর কারখানা অভিযান চালিয়ে নিম্নমানের রং কেমিক্যাল,বার্লীসহ বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন করায় ভোক্তা অধিকার আইনে দেড় লাখ টাকা জরিমানাসহ বেশকিছু জেলী জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

রানা আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর