দুই শর্তে আটকা খালেদা জিয়ার বিদেশ যাত্রা, হবে পর্যালোচনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি দুই শর্তে আটকে গেছে। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদার সাজা কয়েকটি শর্তে স্থগিত করেছিল সরকার।

এর মধ্যে দুটি শর্ত ছিল- খালেদা জিয়াকে নিজের বাসা ঢাকায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এই দুই শর্তেই খালেদার বিদেশ যাত্রা আটকে গেছে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না- সাজা স্থগিতের এই শর্ত শিথিল করা যায় কিনা, তা পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার (৬ মে) বিকালে এ কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আবেদনের সিদ্ধান্ত আজ নয়, তবে দ্রুতই জানানো হবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে সকালে আইনমন্ত্রী বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার বিষয়ে আবেদন পেয়েছি। সেই আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দুপুরে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার সচিবালয়ে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর আবেদনে কোনো দেশের নাম উল্লেখ নেই।

খা‌লেদা‌কে বিদেশ নি‌য়ে যাওয়ার আইনি জটিলতা আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মন্ত্রী ম‌হোদয় বলবেন, শামীম ইস্কান্দার সাহেব বিদেশ নেওয়ার জন্য আবেদন করেছেন, এটা রিপোর্টে আছে। আমরা মতামত দিলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি (সংক্ষিপ্ত) আকারে প্রধানমন্ত্রীর কাছে যাবে।

উল্লেখ্য, বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রা‌তেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর