করোনাকালীন সময়ে ঈদ উপলক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে ছোটাছুটি না করে যে যেখানে আছে সেখানেই ঈদ উদযাপন করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও শতাধিক জলযান উদ্বোধনকালে এ অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে আত্মীয়-স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে। কিন্তু ঈদ উপলক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছোটাছুটি না করি। যে যেখানে আছেন সেখানেই ঈদটা উদযাপন করেন।
তিনি বলেন, এই ভাইরাসটি যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য সবার কাছে আমার অনুরোধ- স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একেবারে অতি প্রয়োজন না হলে আপনারা করবেন না।
শেখ হাসিনা বলেন, এই পরিস্থিতিতে যাতায়াত করতে গেলে কে করোনায় সংক্রমিত তা আপনি জানেন না। কিন্তু সে যখন অন্য জায়গায় যাবে অনেক লোককে করোনায় সংক্রমিত করবে এবং তাদের জীবন নিয়ে সমস্যা দেখা দেবে। সেটা যাতে না হয় সেজন্য আমরা এই যাতায়াত সীমিত করার পদক্ষেপ নিয়েছি।
করোনা মহামারির এই সংকটময় পরিস্থিতিতে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা বিত্তশালী আছেন তারা দুস্থদের একটু সহযোগিতা করেন। সেটা আরও বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি।
ভার্চুয়াল এ অনুষ্ঠানে সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
বার্তাবাজার/নব