সংসদ ভবনের সামনে থেকে তলোয়ারসহ গ্রেফতার ২

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে সংসদ ভবনের সামনে থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (৫ মে) সন্ধ্যায় পর সংসদ ভবনের সামনে থেকে তাদের ‘তলোয়ার এবং কালো পতাকাসহ’ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম ইউনিটের (ইভেস্টিগেশন) উপকমিশনার সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত ২ জন হলেন- ২২ বছর বয়সী আবু সাকিব যিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। অন্যজন আলী হাসান ওসামা তিনি একজন উগ্রবাদী বক্তা।

উপকমিশনার সাইফুল ইসলাম জানান, সাকিব উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার কথায় উদ্বুদ্ধ হয়ে সে শহীদ হতে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে হামলার জন্য এসেছিল। পরে সংসদ ভবনের সামনে গিয়ে দেখে সে ছাড়া আর কেউ আসেনি সেখানে। সাকিবের জিজ্ঞাসাবাদ থেকে পর বৃহস্পতিবার (৬ মে) ভোরে রাজবাড়ী থেকে ওসামা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি জানান, সাকিব সিরাজগঞ্জের একটি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানায় ফেসবুকে একটি গ্রুপ খুলে সংসদ ভবনে হামলার জন্য তলোয়ার এবং কলেমা লেখা পতাকা নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলে আলী হাসান।

তিনি আরও জানান, আলী হাসান ওসামার বক্তব্যে ‘উদ্বুদ্ধ হয়েই’ সংসদ ভবনে হামলার পরিকল্পনা নিয়ে ওই ফেসবুক গ্রুপ খোলার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সাকিব।

তবে এই পুলিশ কর্মকর্তা ওসামার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর