ভারতে একদিনে নতুন রোগীর বিশ্বরেকর্ড, মৃত্যু প্রায় ৪ হাজার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটি করোনায় আক্রান্ত-মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ১২ হাজার ৭৮৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও এই সময়ে আরও ৩ হাজার ৯৮২ জন মারা গেছেন। বিশ্বে একদিনে কোনো দেশে সর্বোচ্চ আক্রান্ত-মৃত্যুর রেকর্ড এটি।

বৃহস্পতিবার (৬ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।

এদিন দেশটির পাঁচটি রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশে মারা গেছেন ৩৫৭ জন, কর্ণাটকে ৩৪৬ জন, পাঞ্জাবে ১৮২ জন, হরিয়ানায় ১৮১ জন এবং তামিলনাড়ুতে ১৬৭ জন মারা গেছেন। মহারাষ্ট্রে মারা গেছেন ৯২০ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর