মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান,সাভার/ধামরাইঃ ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়ার ফ্যান্টাসী কিংডমের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
এই মানববন্ধনে অংশগ্রহন করেন- ইয়ারপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা মোঃ হালিম মৃধা, মোঃ মঞ্জুরুল আলম ভূঁইয়া, মোঃ আলম মৃধা, মোঃ জয়নাল আবেদিন মিঞা প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় অংশগ্রহণকারীরা জানান, প্রি-পেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি ওঠে বিধায় বিষয়টি আমরা পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে সমাধানের জন্য জানালেও তারা তা সমাধান না করে এখনও এই মিটার বসাচ্ছে। এতে পূর্বের বিলের চেয়ে বিল চারগুণ বেশী ওঠে। তাই এই মিটার বসানো বন্ধ ও সমস্যার দ্রুত সমাধান চেয়ে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছি।