‘মুনিয়া হত্যার বিচার দাবিতে আন্দোলনের ডাক দেয়া হবে’

মোসরাত জাহান মুনিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও কুমিল্লা মহানগর ছাত্রলীগসহ বেশ কিছু সংগঠন।

বুধবার (৫ মে) দুপুরে, কুমিল্লার কান্দিপাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুনিয়া হত্যার বিচারের দাবিতে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, অপরাধ যাই হোক, হত্যার জন্য কাউকে লাইসেন্স দেয়া হয় নাই। মুনিয়ার খুনীরা যেই হোক, সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। মুনিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কুমিল্লা থেকেই আন্দোলনের ডাক দেয়া হবে।

আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, জাতির পিতা এমন বাংলাদেশ তৈরি করতে চায় নায়। আমাদের সন্তানকে হত্যা করে মিডিয়াকে ব্যবহার করে ভিন্ন খাতে প্রবাহিত করে ন্যায় বিচার পেতে বাধা দেয়া হবে এটা আমরা মেনে নিতে পারি না। ন্যায় বিচার পেতে বাধা আসলে কুমিল্লা থেকে আন্দোলনের ডাক দিবো।

তিনি আরো জানান, একসময় দেশের মানুষ রাজনীতিকদের কথার চেয়ে সাংবাদিকদের কথা বেশি বিশ্বাস করতো। আজকে এত মিডিয়া। মিডিয়ার কথা মানুষ বিশ্বাস করে না, কারণ মিডিয়া সত্য কথা বলতে পারে না। আমরা দেখেছি এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, এই হত্যাকাণ্ডকে অন্য খাতে নেওয়া যায় সে প্রচেষ্টা হচ্ছে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতা কুমিল্লার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর