শেখ হাসিনা যা করেছে ৭৫’র পরে কোনো সরকার তা করেনি: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ দুর্বিপাকে বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছেন ‘৭৫ পরবর্তীকালে কোন সরকার প্রধান বা রাজনৈতিক নেতা করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৫ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘একটা দল সবসময় সরকারের বিরুদ্ধে গলাবাজি করে। তাদের এছাড়া আর কোনো কাজ নেই। তারা এই চলমান সংকটকালীন মূহুর্তে কারো পাশে দাড়ায়নি। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা তা করে দেখিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে দলীয় নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্ত্র একটা দল ঢাকায় বসে শুধু লিপ সার্ভিস দিয়েছে। তারা করোনার এই সংকটের সময়েও সহিংসতায় উসকানি দিচ্ছে।

সারাদেশে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ক্যাম্পেইন করার ওপরও গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লকডাউনে অনেকেই চোরাইপথে আসা-যাওয়ার সুযোগ নিচ্ছেন। সম্প্রতি পদ্মায় স্পীড বোট ডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন। এটা অত্যন্ত দু:খজনক ঘটনা। সরকারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না।

ঈদে ঘরমুখো মানুষদের উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজেই ঝুঁকি নিয়ে চলাচল করবেন না। উৎসব-আনন্দের কী দাম আছে যদি জীবন থেকেই দূরে সরে যেতে হয়। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক উৎসব-আনন্দ করা যাবে। সবাইকে মনে রাখতে হবে, আগে জীবন পরে জীবিকা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর