করোনা প্রতিরোধী প্রথম ডোজ টিকার বন্ধের পর এবার বন্ধ ঘোষণা করা হয়েছে এই টিকার জন্য নিবন্ধন কার্যক্রমও। বুধবার (৫ মে) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, টিকার নিবন্ধন আমরা আপাতত স্থগিত করেছি। চুক্তিমত টিকার চালান আমাদের হাতে এসে পৌছায়নি, তা আপনারা জানেন। যার জন্য আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেয়া শেষ করতে চাই আমরা।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর নিবন্ধন বন্ধ থাকবে। নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে, সেসময় আবার নিবন্ধন চালু করা হবে।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের করোনা ভ্যাকসিন সম্পর্কিত চুক্তি হয়। মধ্যস্থতাকারী হিসেবে আছে বাংলাদেশের শীর্ষ ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সম্প্রতি ভারতে করোনার প্রকোপ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তারা টিকা দিতে অসম্মত হয়েছে।
ভারতের বাঁকা সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ইতোমধ্যে রাশিয়া ও চীনের সাথে করোনার টিকা নিয়ে চুক্তি করেছে। ঈদের আগে চুক্তিমত বাংলাদেশে এসে চীনের টিকা পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে