সিরাজদিখান থানার দেওয়াল টপকে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার দেওয়াল টপকে একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা দোকানে থাকা প্রায় ৬০ হাজার টাকার ঔষধ ও নগদ ২৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় আজ বুধবার বেলা ১২ টায় সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দোকানের মালিক রাজীব দাস জানান, সিরাজদিখান বাজারের থানা রোডে আসমা উল হোসনা মেডিসিন সেন্টার নামে একটি দোকান ভাড়া নিয়ে ৮ বছর ধরে ঔষধের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানের প্রবেশ মুখের সাঁর্টার বন্ধ করে বাড়ীতে চলে যাই। সকালে দোকান খুলে দেখি সব এলো মেলো হয়ে আছে। চোরেরা আমার দোকানের সামনের সার্টার না খুলে থানার দেওয়াল টপকে দোকানের দক্ষিণ পাশের টিন কেটে ক্যাশে থাকা নগদ ২৬ হাজার টাকা ও প্রায় ৬০ হাজার টাকার ঔষধ চুরি করে নিয়ে গেছে। থানার ১শ ফিটের মধ্যে দোকান থাকার পরও চুরি হলো এতে আমি হতবম্ভ হয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি রাতেরবেলায় যেন টহল জোরদার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঈদ সামনে চলে আসায় হয়তো এমন চুরির ঘটনা ঘটেছে। রাতের বেলায় আরো একটি টহল টিম বাড়ানো হয়েছে যাতে চুরি-ছিনতাই না হয়। এছাড়া অভিযোগ পেয়ে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি