বউয়ের বিরুদ্ধে শ্বাশুড়িকে মারধরের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বড় ছেলের স্ত্রীর বিরুদ্ধে শ্বাশুড়িকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ মে) সকাল ৬টার দিকে উপজেলাধীন মেডিকেল মোড়স্থ বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলের বউসহ ৮ জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন শাশুড়ী লাইলী বেগম। তিনি নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।

অভিযুক্তরা হলেন- ওই উপজেলার কেতকীবাড়ি এলাকার ভুক্তভোগী লাইলী বেগমের বড় ছেলে লতিকুল ইসলামের স্ত্রী রেজিনা বেগম (৩০), টংভাঙ্গা ইউনিয়নের করিম শেখ (৪০), রহিম শেখ (৩৫), রফিকুল (৬০), শাহ আলম (৫০) ও মুন ইসলাম (২০), এবং গেন্দুকুড়ি এলাকার মানিক (৫০) আসাদুজ্জামান (২৭)।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্র জানাযায়, মা লাইলী বেগম হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় তার ক্রয়কৃত জমি দুই ছেলে আরিফুল ও লতিকুলের নামে সাব-কবলামূলে রেজিস্ট্রার করে দেন। কিন্তু ওই রেজিস্ট্রারে কোন দিক উল্লেখ না থাকার সুবাদে বড় ছেলে লতিকুল ও তার স্ত্রী রেজিনা বেগম মহাসড়ক সংলগ্ন সামনের অংশ দখল করার পায়তারা করেন। এর আগে লতিফ ওই জমি তার স্ত্রী রেজিনা বেগমের নামে কবলামূলে রেজিস্ট্রার করেন।

এমতাবস্থায় মঙ্গলবার সকালে মা লাইলী বেগম সেখানে উপস্থিত হয়ে ছোট ছেলে আরিফ ও বড় ছেলে লতিকুলের সীমানার মাঝামাঝি ইট দিয়ে প্রাচীর দিতে যান। এ সময় অভিযুক্তরা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করেন। এতে লতিকুল এর স্ত্রী রেজিনা বেগম এর সাথে শাশুড়ী লাইলী বেগমের বাগবিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। এতে রেজিনা বেগম ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে আরিফুল ও শাশুড়ী লাইলী বেগমের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে।

এ বিষয় ছোট ছেলে আরিফুল ইসলাম বলেন, আমার বড় ভাই একজন জামায়াত-শিবিরের সদস্য। সে আমাকে ও মাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। আমি এর সঠিক বিচার চাই।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর