করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটি করোনায় মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে।
বুধবার (৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ হাজার ৭৮৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। এছাড়াও একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন।
এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৮৮ জন।
এখন দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজার পার করেছে। দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৯শর কাছাকাছি মানুষ মারা গেছে। দিল্লিতে মারা গেছে ৪ শতাধিক মানুষ। একই সময়ে ১৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড়।
বার্তাবাজার/নব