যশোর সদর উপজেলার রামনগর বিহারী কলোনী এলাকায় শ্যালকের বাড়িতে বোমা মেরে স্ত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভগ্নিপতি মোস্তাক আহমেদ পাপ্পুকে (৪০) আটক করেছে পুলিশ। পাপ্পু রামনগর এলাকার মোতালেব হোসেন দুলালের ছেলে।
এ ঘটনায় গেল সোমবার (৩ মে) মুরাদ হোসেন(৩২) কোতয়ালি থানায় পাপ্পুসহ অঙ্গাতনামা ৩/৪ জনকে আসামী করে মামলা করেন।
মুরাদ হোসেন বার্তা বাজারকে বলেন, ১৭/১৮ বছর আগে আসামি পাপ্পুর সাথে তার বোন আফসানা পাভীনের (৩৫) বিয়ে হয়। তাদের তিনটি কন্যা সন্তানও আছে। সংসার চলাকালে আসামি পাপ্পু আরো দুইটি বিয়ে করে। এই নিয়ে সংসারে নানা অশান্তি চলে আসছিলো। প্রায় সময় পাপ্পু তার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এক সময় মনমালিন্য হওয়ায় তার বোন তার বাড়িতে এসে বসবাস করতে থাকে।
গত সোমবার(৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পাপ্পু তার সাথে আরো ৪/৫ জনকে নিয়ে তার বাড়িতে গিয়ে তার বোনকে মারপিটের চেষ্টা করে। তিনি বাঁধা দিলে তাকেও মেরে ফেলার হুমকি দেয়। পরে বাড়ির সামনে একটি বোমা ছুড়ে মারে। কিন্তু বোমাটি বিস্ফোরিত হয়নি। বোমাটি বিস্ফোরিত হলে জানমালের ক্ষয়ক্ষতি হতো। তিনি এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ বাড়ির সামনে থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে।
এ বিষয়ে কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিব বার্তা বাজারকে বলেন, মামলা হওয়ার পর সোমবার রাতে পাপ্পুকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানাগেছে সে একজন খারাপ প্রকৃতির লোক। তার স্বভাব চরিত্র ভাল না। এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি