সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে চারটি বাস আটক করেছে যশোর পুলিশ।
আজ মঙ্গলবার (০৪ মে) রাত ১০ টার দিক যশোরের মণিরামপুর থানার সামনে এবং যশোরের নিউমার্কেট বাস কাউন্টারের সামনে থেকে এ ৪ টি বাস আটক করে হাইওয়ে পুলিশ।
এদিকে বাসে থাকা যাত্রীদের পুলিশি সহযোগিতায় পুনরায় নিজ গন্তব্যে ফেরত পাঠানো হয়।
যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনসপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর বার্তা বাজারকে জানান, সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। আমরা খবর পেয়ে যশোরের মণিরামপুর থানার সামনে ঠিকানা পরিবহনের একটি ও গ্রিন বাংলার দুটি বাস আটক করি। এছাড়া যশোর নিউমার্কেট বাসস্ট্যান্ডে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। বাস চারটিতে মোট ৮৪ জন যাত্রী ছিলো। এরপর পুলিশি উদ্যেগে যাত্রীরা যে স্থান থেকে এসেছিলেন তাদের সে স্থানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, বাস আটক করা হলেও চালক ও হেলপারদের আটক দেখানো হয়নি। ঊধ্র্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্রাফিক ইনসপেক্টর (যশোর সদর) শুভেন্দুকুমার মুন্সি বার্তা বাজারকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই বাসের যাত্রীদের পুলিশের উদ্যোগে মাইক্রোবাস ও কারযোগে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
এ্যান্টনি দাস অপু/বার্তাবাজার/ভিএস