ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় সৈয়দ নেয়ামতুল্লাহ্ নয়ন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার বিদ্যাধর গ্রামের সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের বিএম শাখার শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলফাডাঙ্গা কলেজ রোড থেকে জাটিগ্রাম সড়কের গাজীপুর এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘুরতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
নিহতের বড় ভাই সৈয়দ রাজীব জানান, ‘তারা দুর্ঘটনার খবর পেয়ে আলফাডাঙ্গা হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে নয়নের অবস্থা মুমূর্ষু দেখতে পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুপুর ২টায় উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে বিকেল ৫টায় তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ‘বার্তা বাজার’কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস