খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।

মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডাম গতকাল যেমন ছিলেন, আজও তেমন-ই আছে। উনার চিকিৎসা চলছে। আমি আজও একটু আগে উনাকে দেখে এসেছি।

তিনি বলেন, খালেদা জিয়া গত ২৭ তারিখ থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ভর্তি থাকা অবস্থায় উনার শ্বাসকষ্ট হয়, পরে উনাকে সিসিইউতে নেয়া হয়। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটা বোর্ড উনার চিকিৎসায় কাজ করছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, গতকাল ও আজ ম্যাডামের (খালেদা জিয়া) কিছু পরীক্ষা হয়েছে, মেডিক্যাল বোর্ড সেগুলো রিভিউ করেছে। রিভিউ করে কিছু প্রগ্রেস দেখেছে। কিছু ট্রিটমেন্ট সংযুক্ত করেছে এবং সেই অনুযায়ী উনার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে সারাদেশবাসরি কাছে ম্যাডামের (খালেদা জিয়া) রোগমুক্তির জন্য দোয়া চাই। ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমাদের যদি কোনও সংবাদ সম্মেলন করার দরকার হয়, আমাদের দল বিএনপির প্রেস উইং আপনাদের জানিয়ে দেবে। কষ্ট করে আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে না।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল করোনা পরীক্ষার পর খালেদা জিয়ার সংক্রমণ ধরা পড়ে। প্রথমে তিনি গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩ মে) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর