ধর্মান্তরিত হয়ে বিয়ে করায় কিশোরীকে শিকলে বেঁধে পাশবিক নির্যাতন!

মাদারীপুরের রাজৈরে মুসলিম ধর্মের ছেলের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করার অপরাধে এক কিশোরীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার খালিয়া ইউনিয়নের পাল পাড়া এলাকায়।

এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, খালিয়া পাল পাড়ার সনাতন ধর্মাবলম্বী এক কিশোরীর (১৭) সাথে প্রতিবেশী ইসলাম ধর্মাবলম্বী আবু সাঈদের (২৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আবু সাঈদ একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল শেখের ছেলে। গত ৬ মাস আগে আবু সাঈদের সাথে ঐ কিশোরী বাড়ী থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে রাজৈর থানা পুলিশ ৪ দিন পর তাদেরকে উদ্ধার করে কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করে এবং আবু সাঈদকে জেল হাজতে প্রেরণ করেছিল। সেই ঘটনায় পারিবারিক ও সামাজিক সমঝোতার কারনে কিশোরীর বাবা আবু সাঈদকে জামিনে বেরিয়ে আসতে সহায়তা করেছিল। এরপর কিশোরীর বাবা তাকে (কিশোরীকে) সিলেটে নিয়ে যায়। কিন্তু সেখান থেকেও দুজনে আবার পালিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর বাবা সিলেট থানায় মামলা দায়ের করেছিল। পালিয়ে যাওয়ার প্রায় ১ মাস পর ঢাকার আশুলিয়া থেকে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে পরিবারের হাতে এবং আবু সাঈদকে জেল হাজতে প্রেরণ করে। এখন পর্যন্ত সে জেল হাজতেই রয়েছে। এরই মধ্যে ওই কিশোরী একাই আবার আবু সাঈদের বাড়ি চলে যায়। পরে স্বজনরা তাকে নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামে আবু সাঈদের বোনের বাড়ীতে রেখে একটি মহিলা মাদ্রসায় ভর্তি করে দেয়। কিশোরীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আবার তাকে উদ্ধার করে বাড়ী পৌঁছে দেয়। বাড়ীতে আনার পর প্রায় ১০ দিন তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে এবং শারিরীক ও মানসিক নির্যাতন চালায় পরিবারের সদস্যরা। শুক্রবার পর্যন্ত কিশোরীকে শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা তার পায়ের শিকল খুলে দিলেও বর্তমানে তাকে একা একটা রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে।

নির্যাতিতা কিশোরী জানায়, আবু সাঈদের সাথে আমার প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক। আমি ইসলাম ধর্ম গ্রহন করে তাকে বিয়ে করেছি। আমাকে পরিবারের লোকজন ধরে এনে দুই পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে এবং শারিরীকভাবে নির্যাতন করে।

কিশোরীর মা জানায়, মান-সম্মানের ভয়ে আমরা মেয়েকে শাসনে রাখি। এ ঘটনায় সমাজ আমাদের এক ঘরে করে রেখেছে। তাছাড়া আবু সাঈদের পরিবারের লোকজন সব সময় আমাদের হুমকি দিয়ে আসছে। লজ্জায় মুখ দেখাতে পারিনা।

আবু সাঈদের বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল শেখ বার্তাবাজারকে জানান, আমার ছেলের মুক্তি চাই এবং যাতে নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা করা দরকার।

রাজৈর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা বার্তাবাজারকে জানান, একজন নাবালিকা নির্যাতন মানবাধিকার লংঘনের সামিল। যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বার্তাবাজারকে জানান, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলো। মেয়ের সাথে কথা বলেছে। তারা আমাকে জানিয়েছে মেয়ে নাকি তার বাবার বাড়িতেই থাকার জন্য ইচ্ছে প্রসন করেছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর