চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করতে। মঙ্গলবার (৪ মে) রাতে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় বৈঠকটি হতে পারে বলে কথা রয়েছে। হাটহাজারী এলাকার স্থানীয় সাংসদ ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদের মধ্যস্থতায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, হেফাজতের সহিংস আন্দোলনের পর পর সৃষ্ট পরিস্থিতিকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এতে অংশ নিতে হাটহাজারী মাদ্রাসার মজলিশে এদারির সদস্য মাওলানা ইয়াহিয়া ও মুফতি জসীমউদ্দিন ঢাকায় পৌঁছেছেন। হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীও বৈঠকে থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঢাকায় আসেননি।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসীমউদ্দিন সরাসরি তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন। মঙ্গলবার বিকালে তিনি বলেন, আমরা ঢাকায় এসেছি। বৈঠকের সময় এখন নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন।
বার্তা বাজার/এসজে