কালভার্টের রড-ইট খুলে নিয়ে গেলেন চেয়ারম্যান, রাস্তা বিচ্ছিন্ন

লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তায় সরকারি অর্থায়ণে নির্মিত বক্স কালভার্টের রড ও ইট খুলে নিয়ে গেছেন স্থানীয় ইউনিয়ন পরিষ চেয়ারম্যান। ওই স্থানে নতুন করে আরও একটি কালভার্ট নির্মাণের টেন্ডার হ্বুয়ায়র সুযোগকে কাজে লাগিয়ে তিনি এই কাজ করেছেন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ উদমারা এলাকার ম্যানেজার রোড নামক স্থানে এই ঘটনা ঘটে। বর্তমানে রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে আছে। কবে ঠিকাদার নতুন কাজ শুরু করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। একইসাথে কোনো বিকল্প রাস্তা তৈরী না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, বক্স কালভার্টটির ইট খুলে পরিষ্কার করছেন ৩ শ্রমিক। তাদের এ কাজের জন্য ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী নিয়োজিত করেছেন বলে জানিয়েছেন শ্রমিক রুহুল আমিন, আনোয়ার হোসেন ও মুরাদ হোসেন। আগের দিন রডগুলো খুলে চেয়ারম্যানের ছেলের নির্মাণাধীন বিএডিসির পাম্প হাউসের স্থানে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন তারা।

ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে রাস্তায়। রাস্তাটি এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ সড়কে কোনো যানবাহন তো দূরের কথা সাধারণ মানুষও চলাচল করতে পারছেন না। কবেনাগাদ রাস্তাটি স্বাভাবিক হবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী বলেন, পুরাতন অকেজো রডগুলো ছেলের কাজের স্থানে এনে শ্রমিকরা মজুদ করেছেন। ইটগুলো পরিষ্কার করে এনে রাস্তা মেরামত কাজে লাগানো হবে। এগুলোর দামবাবদ ঠিকাদারকে টাকা দেওয়ারও প্রস্তাব দিয়েছি। লোকজনের চলাচলে গাছ দিয়ে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে।

তবে ঠিকাদার নুরে হাওলাদার জানান, বারবার নিষেধ সত্ত্বেও চেয়ারম্যান সম্পূর্ণ অন্যায়ভাবে ইট-রড নিয়ে যাচ্ছেন। নতুন কাজটি করার জন্য এখনই আমাদের প্রস্তুতি নেই। নিজের স্বার্থে চেয়ারম্যান রাস্তাটি বিচ্ছিন্ন করে জনদুর্ভোগ বাড়িয়েছেন। তিনি ঠিকাদারের প্রাপ্য পুরাতন রড-ইট জোরপূর্বক নিয়ে যাচ্ছেন।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, বক্স কালভার্টটি এক লাখ ২০ হাজার টাকায় সম্পন্ন করার জন্য ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে নিষেধ করা সত্ত্বেও তিনি ইট-রড খুলে নিয়ে কাজটি ভালো করেননি। এগুলোর সম্পূর্ণ এখতিয়ার ঠিকাদারের। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর