জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পলক
সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সাহসী ও সৎ নেতৃত্বের কারনেই এগুলো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ নমুনা পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশ করোনা সংকট কাটিয়ে ওঠতে হিমশিম খাচ্ছে। সেখানে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা করোনা সংক্রমণের প্রথম ঢেউ মোকাবেলায় সক্ষম হয়েছিলাম। চলমান দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সফলতার সাথে টিকাদান কার্যক্রম চলছে। আশা করি আমার চলমান সংকট খুব শিগগিরই কাটিয়ে উঠব। আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। এছাড়া আমাদের আইসিও এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুদ রয়েছে।
তিনি বলেন, নাটোর সদর হাসপাতালে শিগগিরই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হবে। এই হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পরিধি বাড়াতে অত্যাধুনিক পিসিআর মেশিন এবং আইসিইউ বেড প্রতিস্থাপন করা হবে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোপূর্বে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, করোনা থেকে মুক্ত হতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এখন শুধুমাত্র দরকার জনগণের সচেতনতা। এজন্য জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং নিরাপদ সামাজিক দূরত্বের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বার্তাবাজার/ই.এইচ.এম