খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে আদালতের মাধ্যমে আবেদন করে নিতে হবে। তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৪ মে) দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এমনকি সেখানে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার (৩ মে) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় খালেদা জিয়াকে। এরপর শুরু হয় তাকে উন্নত চিকিৎসায় বিদেশ নেওয়ার নানান গুঞ্জন।
তবে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হলে কোন দেশে নেওয়া হবে তা কেউ জানাতে রাজি হননি। তার ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবার লন্ডনে থাকায় সেখানে নেওয়ার বিষয়টিই বেশি আলোচনায়। তবে অবস্থা জটিল হলে সিঙ্গাপুর বা ব্যাংককেও নেওয়ার বিষয়েও গুঞ্জন রয়েছে।
বার্তা বাজার/এসজে