কেরানীগঞ্জে চোলাই মদের কারখানা আবিষ্কার
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ একটি কারখানা আবিস্কার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মে) সকালে কেরানীগঞ্জ মডেলথানাধীন রোহিতপুর ইউনিয়নের চর সোনাকান্দা এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে কারখানাটির অস্তিত্ব টের পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন।
পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি গ্যাস সিলিন্ডার, ৪টি বড় টিনের ড্রাম, ২২টি প্লাস্টিকের (ভাঙা) ড্রামসহ মদ বানানোর কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে পুলিশ আসার আগেই এলাকাবাসী প্রায় ২০ ড্রাম চুলাই মদ পানিতে ফেলে দেয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম সাংবাদিকের জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিতপুর ইউনিয়নের চর সোনাকান্দা গ্রামের শনে ঘেরা ধলেশ্বরী নদীর পাড় থেকে পানিতে পোঁতা অবস্থায় কয়েক ড্রাম চোলাই মদ ও মদ বানানোর উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশি অভিযানের আগেই মদ তৈরির সাথে জড়িতরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বার্তাবাজার/পি