সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য লকডাউন দিয়েছে: ফখরুল
সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য লকডাউন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৪ মে) জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজ পরিবহন শ্রমিকরা আন্দোলনে গেছে, তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু তাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো ব্যবস্থা না করেই এই সরকার লকডাউন দিয়েছে।
তিনি বলেন, খেটে খাওয়া মানুষদের জন্য, শ্রমিকদের জন্য, দিন আনে দিন খায় মানুষদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। সরকার এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে লকডাউনের নামে ক্র্যাকডাউন করে।
তিনি আরও বলেন, সরকার আজকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইসলামিক সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠনের ওপর আক্রমণ করে তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সমস্ত জাতি জিম্মি হয়ে গেছে।
এ সময় মির্জা ফখরুল এই অবস্থা থেকে বেরিয়ে আসতে শ্রমিকশ্রেণী ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বার্তাবাজার/নব