সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতীয় খাসিয়ার গুলিতে মকবুল আলী (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মে) ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮০ মেইন পিলারের ১২৮৪ সাব পিলার সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মকবুল আলী উপজেলার কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতের সান্ডাই বস্তিতে ভারতীয় মোবাইলের একটি চালান বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশ থেকে মটরশুটির একটি চালান ভারতে পৌঁছে দিয়ে ফেরার পথে খাসিয়ার গুলিতে মকবুল আলী নিহত হন।

এ সময় তার সঙ্গে থাকা চোরাকারবারিরা মকবুল আলীর মরদেহ ভারতের অভ্যন্তর থেকে এনে সীমান্তের জিরো লাইনে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, সম্প্রতি জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে কসমেটিকস, নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি,বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মদ, গরু-মহিষ, মোটরসাইকেল, শাড়ি ও মোবাইল সামগ্রী বাংলাদেশে আসছে। আর বাংলাদেশ থেকে মটরশুটি, সুপারি ও স্বর্ণের বারসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী ভারতে পাচার করা হচ্ছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর