সাভারে কৃষকের কাছে ২টি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

ঢাকার সাভারে ২০২০-২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ক্রয়কৃত কৃষিযন্ত্র ‘কম্বাইন হার্ভেস্টার’ ২ জন অনুমোদিত কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাভার উপজেলা পরিষদ চত্বরে এই ধান কাটার যন্ত্র দু’টি হস্তান্তর করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাভার এর বাস্তবায়নে এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভারের কৃষকদের সুবিধার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে দুইটি ধান কাটার যন্ত্র কম্বাইন হার্ভেস্টার অনুমোদিত দুইজন কৃষকের নিকট হস্তান্তর করা হয়েছে। আপনারা জানেন, এ কম্বাইন হারভেস্টার মেশিন এক ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম। ফলে সারা দিনে ১০ থেকে ১২ বিঘা জমির ধান কাটতে পারবে আমাদের কৃষকেরা। শুধু ধান কাটাই নয়, এটি মাড়াই করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকের ধান কাটার সময় বাঁচাবে এবং কষ্টও কমাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম সুরুজ, পাথালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাভার ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান শান্ত, আমিনবাজার ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সাহায্য প্রদানের বিষয়ে ইউনিয়ন ভিত্তিক তালিকা প্রণয়নের ব্যাপারে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভার উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর