চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুত কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত ৬ শ্রমিকের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত। ৩৫ দিনের মধ্যেই তা দাখিল করতে হবে।
মঙ্গলবার (৪ মে) পৃথক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
নিহত শ্রমিকদের প্রতিজনের পরিবারকে আপাতত ৫ লাখ টাকার নির্দেশ দিলেও এস আলম গ্রুপের আইনজীবী জানিয়েছেন,ইতোমধ্যে তাদেরকে ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
আদালতের রুলে এ ঘটনার তদন্তে বিচারিক অসুন্ধান কমিটি কেন গঠন করা হবে না এবং নিহত শ্রমিকদের পরিবার প্রতি ৩ কোটি এবং আহতদের পরিবার প্রতি ২ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ প্রদান নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল সকালে বাঁশখালীর পশ্চিম বড়ঘোনায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে ৫ শ্রমিককে গুলি করে হত্যা করে পুলিশ। আহত হন অনেক শ্রমিক। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
নিহতরা হলেন—শুভ (২৩), রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মো. শিমুল (২৩) নামে আহত এক শ্রমিক মারা যান।
বার্তা বাজার/এসজে