করোনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় রাজধানীর পল্টন এলাকার চায়না টাউন মার্কেট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। মঙ্গলবার (৪ মে) দোকান বন্ধের কথা গনমাধ্যমকে নিশ্চিত করেন সমিতির সভাপতি হেলাল উদ্দিন। অন্য কোনো মার্কেট স্বাস্থ্যবিধি না মানলে সেগুলোও বন্ধ করা হবে বলে জানান তিনি।
জানা যায়, চায়না টাউন মার্কেটে আসা বেশিরভাবগ মানুষের মুখের মুখেই মাস্ক ছিল না। দোকানিদের মুখেও মাস্ক না থাকার পাশাপাশি মার্কেটে প্রবেশদ্বারে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারও ছিল না। ‘নো মাস্ক নো সার্ভিস’–এর ব্যানার ছিল না। প্রবেশমুখে তাপমাত্রা মাপার যন্ত্র ছিল না।
এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হওয়ার কথা ছিল। কিন্তু ওই মার্কেটে যে গেট দিয়ে ঢুকছে, আবার সেই গেট দিয়ে বেরও হচ্ছে। এসব কারণে মার্কেটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেট কর্তৃপক্ষ যদি এসব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারে, সে ক্ষেত্রে বিকেলের মধ্যেই মার্কেট খুলে দেওয়া হবে।
এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ‘যেহেতু দোকানমালিকদের রুটিরুজির বিষয় আছে, আমরাও চাই মার্কেট খুলে দিতে। তবে মার্কেট খোলার আগে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তারা চেষ্টা করছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য। যদি পারে, তাহলে আজকেই মার্কেট খুলে দেওয়া হবে।’
তিন আরও বলেন, তাদের একার পক্ষে দুই কোটি মানুষের এই শহরে সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। হেলাল উদ্দিন বলেন, সবাই মিলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
বার্তা বাজার/এসজে