শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (৪ মে) জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমরা সবাই উদ্বিগ্ন। দলের নেতাকর্মীরা এখনও উদ্বেগের মধ্যে আছেন খালেদা জিয়ার অসুস্থতার খবরে। আপনারা সবাই শুনেছেন যে, গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেয়া হয়েছে। এখনও তিনি সিসিইউতে আছেন। অক্সিজেন দেয়া হচ্ছে। এখন তিনি স্থিতিশীল আছেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আল্লাহর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইছি। সমস্ত দল নয়, সমগ্র জাতি আজকে প্রার্থনা করছেন, দোয়া করছেন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল, যাকে গণতন্ত্রের একমাত্র প্রহরী বলা যায়, তিনি যেন অতি দ্রুত সুস্থতা লাভ করেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজেটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বার্তাবাজার/নব