ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: কওমী ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার

হেফাজতের তান্ডবের ঘটনায় ব্রাহ্মণবড়িয়ায় কওমী ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল হোসেন (২৮) সহ আরো ০৬ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাওলানা বেলাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের মোঃ সানাউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত নতুন ০৬ জনসহ ৪১৪ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর