ভারতে একদিনে ৩ হাজার ৪৪৯ মৃত্যু, আক্রান্ত ২ কোটি ছাড়াল

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে।

মঙ্গলবার (৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৪৪৯ জন।

এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২২ হাজার ৪০৮ জন।

দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬২১ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬৭ জন।

এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৩ জন ও মারা গেছে ৪৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ১১ জন এবং মারা গেছে ৪৫ জন। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯৫২ জন ও মারা গেছে ১২২ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর