রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে গত মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় তাকে ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। উভয় মামলায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় মামুনুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে বেপরোয়া তাণ্ডবের অভিযোগে একে একে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়।
এছাড়া গত ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত ৫ এপ্রিল হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়।
বার্তাবাজার/নব