মধ্যরাতে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ চেষ্টা: মেম্বারকে গণপিটুনি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে এক তরুণীকে (১৮) ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত ইউপি সদস্যের নাম নাম হেলাল হোসেন (৪৮)।

সোমবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক হেলাল ওই এলাকার মৃত নূরুল হকের ছেলে এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্য হেলাল হোসেনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে হেলাল মেম্বার ওই তরুণীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার রাতে কথা আছে বলে তিনি ওই তরুণীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

ভুক্তভোগী তরুণী জানান, স্থানীয় ইউপি সদস্য হেলাল গত কয়েক মাস থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে নানা ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছিলেন। সোমবার রাতে তাকে ফোন দিয়ে কথা আছে বলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মেম্বারকে হাতেনাতে আটক করে। এসময় তিনি বিভিন্ন সময়ের বেশ কিছু কুরুচিপূর্ণ কথাবার্তার কল রেকর্ড এলাকাবাসীকে শোনান।

কোম্পানীগঞ্জ থানার এসআই মো. রিয়াদুল হাসান রাত ৩টার দিকে আটক ইউপি সদস্য হেলালকে থানায় নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর