পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন বিএনপির আন্তর্জাতিক উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য তাবিথ আউয়াল।
নিজের ফেসবুক পেজে ঢাকা উত্তর সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা তাবিথ আউয়াল লিখেছেন, আশা করি- তিস্তার পানি বণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধে তৃণমূলের এই বিজয় ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও লেখেন, করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমন্বিত উদ্যোগ জরুরি। প্রাণঘাতী এই ভাইরাসকে মোকাবিলায় কেবল নিজ স্বার্থ না দেখে দুই বাংলার পারস্পরিক সহযোগিতার মনোভাব প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, ভূমিধস জয় পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারের সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার তারা ডাবল সেঞ্চুরি করবেন, অর্থাৎ শতাধিক বেশি আসনে জিতবেন। মমতার নেই কথাই সত্যি হলো। ২১৪ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার (৫ মে) তৃতীয় বারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বার্তাবাজার/ভিএস