দশ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের মামলায় সৎ পিতা আসামি মোজাহারকে জামিন দেননি হাইকোর্ট। আদালত আসামির জামিন আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করেছেন।
সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দিয়ে এমন মন্তব্য করেছেন।
এছাড়া আদালত বলেন, আসামি মানুষ নয়। এটা জঘন্য অপরাধ। তার কারাগারেই থাকা উচিত।
আদালতে আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহাবুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।
গত ২০২০ সালের ২১ মার্চ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোজাহারের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেন তারই স্ত্রী।
মামলার অভিযোগ পত্রে বলা হয়, মোজাহার তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী তালাক দেয়ার পর ওই সংসারের একটি কন্যা সন্তান নিয়ে ১০ বছর আগে মোজাহারের সঙ্গে বিয়ে হয়। এরপর চাকরি নেন তিনি। চাকরির কারণে মেয়েকে ঘরে রেখে কর্মস্থলে যেতে হয় তাকে। এই সুযোগে তার দ্বিতীয় স্বামী ১০ বছরের মেয়েকে গত ১১ মার্চ ধর্ষণ করে। এই ধর্ষণের কথা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরবর্তীতে মেয়েটি ধর্ষণের ঘটনা তার মাকে বলে দেয়। এর আগেও তাকে এভাবে ধর্ষণ করা হয় বলে মেয়েটি অভিযোগ করে।
মামলার পর ২১ মার্চ পুলিশ আসামি মোজাহারকে গ্রেফতার করে। এরপর থেকে সে কারাবন্দী রয়েছেন। এরইমধ্যে তার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
বার্তাবাজার/ই.এইচ.এম