বগুড়ায় পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও শত শত মানুষের সামনে পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন টমাস(৩৮) নামের এক যুবক। সোমবার (০৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের বড়গোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত টমাস সরকার (৩৮) শহরের চকসুত্রাপুর নামাজগড় এলাকার হাফিজার রহমান সরকারের ছেলে।
জানা গেছে, বিকেল ৫টার দিকে ৩৮ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন টমাস বড়গোলা এলাকায় নির্মাণাধীন একটি সাত তলা ভবনের ৫ম তলায় উঠে। নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ বেয়ে ওই যুবক সেখানে উঠে একটি বাঁশের সাথে অবস্থান নেয়। এ সময় নির্মাণ শ্রমিকরা ওপরে ওঠার কারণ জানতে চাইলে তিনি নীচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে জানান। মুহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির নীচে অবস্থান নেয়।
এছাড়াও শত শত মানুষ জড়ো হয় সেখানে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা ধরে বিভিন্নভাবে বুঝিয়ে ওই যুবককে নীচে নামাতে ব্যর্থ হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মই এর সাহায্যে তাকে নীচে নামানোর প্রস্তুতি নেয়। এ দৃশ্য দেখে ওই যুবক নীচে লাফিয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই শামীম সরকার জানান, ছয় বছর আগে তার বাবার মৃত্যুর পর থেকে সবার ছোট টমাস মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।টমাস এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মরেদহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।#
খালিদ হাসান/বার্তাবাজার/ভিএস