ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি বিল থেকে রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ শৈলকুপার ত্রিপাকান্দি মলমলি গ্রামের একটি বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।
নিহতরে ছেলে অপুর্ব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে তিনি পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লীজের টাকা আনতে। লীজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকালের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করতে পারে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখে এবং গলায় রক্তের দাগ ছিল।
শৈলকুপা থানার এসআই শফিউল ইসলাম বার্তাবাজারকে জানান, রেখা রানীর মরদেহ বিলের মধ্যে পড়ে ছিল। এটি হত্যাকান্ড কিনা তা তদন্তের পর জানা যাবে।
খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ভিএস