মা হলেন পাগলী, পিতৃ পরিচয় নিয়ে জনমনে প্রশ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন মানসিক প্রতিবন্ধী এক তরুণী। সোমবার (৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই তরুণী এ ছেলে সন্তান প্রসব করেন।
কিন্তু জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে নবজাতকের পিতৃ পরিচয় নিয়ে? কারণ পিতৃ পরিচয়ে যে এখনো পর্যন্ত কেউ-ই আসেনি!
এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ওই তরুণীর সঙ্গে এমন অমানবিক ও বিকৃত যৌনাচারের কারণ এবং তা অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থার নেওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু কর সচেতন মহলে।
এদিকে প্রসব পরবর্তী প্রসূতি ও নবজাতক পুরোপুরি সুস্থ আছেন বলে জানা গেছে।
তবে মানসিক প্রতিবন্ধী এ তরুণীর এখনও সঠিক কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে স্থানীয়দের ধারণা বিকৃত রুচির কোন পুরুষের কুকর্মের ফসল এটি।
তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ীরা জানান, মানসিক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা ওই তরুণী চার মাস আগে থেকে তাহিরপুর বাজারে অবস্থান শুরু করে। লোকজনের কাছ থেকে যা পেতো তাই খেয়ে জীবন রক্ষা করে আসছিল। তবে দিন দিন তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নজরে আসে।
আজ সকালে পাগলীর প্রসব ব্যথা ওঠলে তাকে বাজার কমিটির দায়িত্বশীল লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই ওই নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী জানান, নবজাতককে লালন-পালনে অনেকেই এগিয়ে এসেছেন। কয়েকজন ওই নবজাতককে দত্তক হিসেবে নিতে চাইছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন বার্তাবাজারকে জানান, প্রসূতি ও নবজাতক দুজনই সুস্থ আছেন। প্রসবজনিত কোনো সমস্যাও নেই। মা ও শিশু আমাদের পর্যবেক্ষণে রয়েছে। পরবর্তীতে প্রশাসন যেভাবে চায় সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে বলেন, শিশুটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
এইচ এম আবির/বার্তাবাজার/ভিএস