রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রতনের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাক্রাতুল ইসলাম বার্তাবাজারকে জানান, দুই দল ডাকাত ওই এলাকায় একই সাথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়লে ত্রিমুখী গোলাগুলি হয়। পরে ডাকাতদল পিছু হটলে গুলিবিদ্ধ এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়। তার বুকে একটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে দুটি রাম দা ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস