মুনিয়ার সঙ্গে বসুন্ধরার এমডির কল রেকর্ডের ফরেনসিক চেয়ে নোটিশ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে নিহত কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় একমাত্র আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তার সাথে মুনিয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ওই কল রেকর্ড ফরেনসিক পর্যালোচনার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (৩ মে) রেজিস্ট্রি ডাকযোগে স্বরাষ্ট্রসচিব বরাবর এই নোটিশটি পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এই আইনি নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও মোসারাত জাহান মুনিয়ার মধ্যে একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে ভিকটিম মুনিয়াকে যেসব শব্দ বলা হয়েছে, তা যেকোনো নারীর জন্য অত্যন্ত অপমানজনক। উল্লিখিত কল রেকর্ড ফরেনসিক পর্যালোচনার জন্য এবং যদি ফরেনসিক পর্যালোচনায় দেখা যায়, ওই ‘অশ্লীল শব্দ’ প্রয়োগকারী ব্যক্তি সায়েম সোবহান, তাহলে তাঁর বিরুদ্ধে যেন ডিজিটাল নিরাপত্তা আইন বা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে আইনজীবী ইয়াদিয়া জামান জানান, নোটিশের উল্লিখিত বিষয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম না দেখা গেলে পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্র গত, ২৬ এপ্রিল রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে মোসারাতের বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর