এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে হেফাজতে বাবুনগরীর বিরোধীরা

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির শাহ আমদ শফী’র অনুসারী ও বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর ঘোর বিরোধী জোটের নেতারা সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে। রোববার (২ মে) দিনগত রাতে তারা এই বৈঠকে বসেন।

বিষয়টি নিশ্চিত করে শফীপন্থী কমিটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাঁরা সৌজন্য সাক্ষাত করেছেন। কী ধরনের কথা হয়েছে জানতে চাইলে ফজরের নামাজের কথা বলে তিনি ফোন রেখে দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মাওলানা হাসনাত আমিনী, মাওলানা আলতাফ, মাওলানা মঈনুদ্দিন রুহী।

এর আগে জুনাইদ বাবুনগরী’র নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয়ার পর ‘শফী কমিটি’র যুগ্ম সম্পাদক মঈনুদ্দীন রুহী বলেছিলেন, হেফাজতের মূল কমিটি ছিলো আহমদ শফীর গঠন করে যাওয়া কমিটি। ফলে, আহমদ শফীর মৃত্যুতে আমিরের যে পদটি খালি আছে, তা সংগঠনের অন্যদের মতামতের ভিত্তিতে পূরণ করা হবে। আর এই কমিটিতে কিছু সংযোজন-বিয়োজন করা হবে। এতে আহমদ শফীর আদর্শ মেনে বাবুনগরী যদি তাঁদের সংগে আসতে চান, তাতে কোনো আপত্তি নেই।

তিনি জানান, সংগঠনের নেতারা চাইলে তাঁকে নতুন আমির হিসেবে মেনে নেবে। কিন্তু কমিটিতে কিছু সংস্কার আনতে হবে। কমিটির যাঁরা মারা গেছেন তাঁদের জায়গায় নতুন করে অন্যদের অন্তর্ভুক্ত করতে হবে। আর মামুনুল হকসহ হেফাজতের বিতর্কিত নেতাদেরও বাদ দেওয়া হবে কমিটি থেকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর