ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মমিন খান (৩২) নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় সোমবার (৩ মে) দুপুরে ওই যুবলীগ নেতা তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো- মুশা শেখ, মহাসিন শেখ ও লাবলী বেগম। আহত যুবলীগ নেতা ও অভিযুক্ত সকলেই পৌর এলাকার বাঁকাইল গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে মমিন খানের খালাতো ভাই আলামিনসহ তার বন্ধুরা মিলে অভিযুক্তদের বাড়ির পাশে ক্রিকেট খেলতেছিল। এসময় একটি বল অভিযুক্তদের একটি আম গাছে আটকে যায়। তখন ক্রিকেট খেলতে থাকা ছেলেরা ঢিল ছুড়ে বলটি পাড়তে গেলে একটি আম পড়ে যায়। এই দেখে অভিযুক্ত মুশা শেখ আলামিনকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। আলামিন গালিগালাজ শুনে বাড়িতে গিয়ে তার খালাতো ভাই মমিনকে বিষয়টি জানায়। পরে মমিন সন্ধ্যায় অভিযুক্তদের বাড়ির পাশে মুশা শেখকে ডাক দিয়ে আলামিনকে গালিগালাজ করার কারণ জানতে চায়।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে মমিনের মাথার মাঝখানে কোপ লেগে গুরুতর আহত হয়। কোপ খেয়ে রাস্তার ওপরে পড়ে গেলে অভিযুক্তরা তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ফাটা রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মুশা শেখ বলেন, ‘মমিনরা আমাদের মারার জন্য আমাদের বাড়িতে আসলে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি।’
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি